
ষ্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন স্থানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সেনেরহাটের কাচ্চি ডাইন কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন। সভায় আমজাদ হোসাইন তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নৌ-যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান করাই আমার প্রথম অঙ্গীকার। গুপ্তছড়া ও বাসবাড়িয়া ফেরিঘাটের সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর আত্মকর্মসংস্থান, বিদ্যুৎ, পানি, রাস্তার উন্নয়ন, বিনামূল্যে আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব।” তিনি আরও বলেন, “আমরা চাই সন্দ্বীপকে আধুনিক, নিরাপদ ও মানবিক উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলতে। এজন্য সাংবাদিক সমাজসহ সকলের সহযোগিতা অপরিহার্য।” সভায় উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে প্রার্থী তার ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী রূপরেখা তুলে ধরেন।