
ফেনীতে অপহরণের ১৭ ঘণ্টা পর উদ্ধার মানবাধিকার সংস্থার ফেনী জেলা উপপরিচালক
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
মহিপাল থেকে নিখোঁজের পর ওভারব্রিজের নিচে ফেলে যায় দুর্বৃত্তরা, জিডির ভিত্তিতে তৎপরতায় উদ্ধার
ফেনী জেলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী একটি সংস্থার উপপরিচালক মোহাম্মদ উসমান অপহরণের শিকার হওয়ার পর ১৭ ঘণ্টা পর নাটকীয়ভাবে উদ্ধার হয়েছেন। গতকাল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফেনীর ব্যস্ত এলাকা মহিপাল থেকে তিনি নিখোঁজ হন, যা এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে।
নিখোঁজের পরপরই পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কোনো সন্ধান না পেয়ে তারা দ্রুত ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ২৪৬/০৪-০৫-২০২৬ হিসেবে ঘটনাটি নথিভুক্ত হয়।
ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম এবং সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফের তৎপরতায় অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়।
অবশেষে নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর আজ দুপুর আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে ভুক্তভোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে তার অবস্থান জানায়। পরে জানা যায়, দুর্বৃত্তরা তাকে মহিপাল ওভারব্রিজের নিচে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। উদ্ধারকালে তিনি শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে তাকে অপহরণ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা।