
লামায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ওয়ালটন প্লাজার ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, প্রায় চার মাস আগে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার পানি ট্যাংকির বাসিন্দা আব্দুর রহিম দুলাল ওয়ালটন প্লাজার একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ওয়ালটন কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা প্রদান করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আরও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং বিষয়টি আপাতত সমাধান হয়।
পরবর্তীতে বিষয়টি ওয়ালটন বাংলাদেশ-এর উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের নজরে এলে মানবিক দিক বিবেচনায় নিহতের পরিবারের জন্য অতিরিক্ত সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় লামা ওয়ালটন প্লাজার মাধ্যমে নিহত আব্দুর রহিম দুলালের পরিবারের হাতে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। সহায়তার অর্থ গ্রহণ করেন নিহতের স্ত্রী রহিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, ওয়ালটন লোহাগাড়া প্লাজার ম্যানেজার আফলাত হোসেন এবং লামা প্লাজার ম্যানেজার নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় ওয়ালটন বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।