
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুজ্জামান বাবুল (৪৫) নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের বাবুরহাটের পশ্চিম পাশে ‘ছানা চত্বর’ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ রায়পুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আহসানুল্লাহ ডিলারের বাড়ির বাসিন্দা মনিরুজ্জামান বাবুলের সঙ্গে একই এলাকার মৃত আহছান উল্যা ডিলারের ছেলে মুক্তার হোসেন সুমনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ভুক্তভোগী বাবুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে দাবি করা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, থানায় জিডি করার বিষয়টি জানতে পেরে মুক্তার হোসেন সুমনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মঙ্গলবার বিকেলে তাকে পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
হামলায় আহত মনিরুজ্জামান বাবুল বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। ভুক্তভোগীর পক্ষ থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভুক্তভোগী মনিরুজ্জামান বাবুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি থানায় জিডি করেছিলেন। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্ত মুক্তার হোসেন সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে। এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানিয়েছে, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।