
আলীকদমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি সমন্বয় সভা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী; আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি ত্রাণ বিতরণ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে বন্যাদুর্গত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুম, নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসন, আলীকদম সেনা জোন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও, ত্রাণদাতা প্রতিষ্ঠান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় অসংখ্য মানুষ জন অংশগ্রহণ করেন।
সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার কার্যক্রম জোরদার, সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ, দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে থাকার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ, শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সভা শেষে এমপি সাচিং প্রু জেরী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি জানান, আগামীকাল থেকে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে সরকারের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা থেকে বঞ্চিত না হয়।
আলোচনা সভা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম রিমন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সংসদ সদস্য সাচিং প্রু জেরী আলীকদমের কার্যক্রম সমাপ্ত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার উদ্দেশে রওনা দেন।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলীকদমে বৃষ্টিপাতের পরিমাণ এবং মাতামুহুরী নদীর পানির স্তর ইতোমধ্যে অনেকটাই কমেছে।
তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।