
আলীকদমে চার ম্রো কিশোরীর বিষপানে উদ্বেগ, পরিবারের কাছেও নেই কারণের উত্তর।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম মেনথক পাড়ায় রহস্যজনকভাবে একসঙ্গে চার ম্রো কিশোরীর আগাছানাশক বিষপানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেনথক পাড়ার নিজস্ব জুমঘরে পাহাড়ি কৃষিকাজে ব্যবহৃত আগাছানাশক বিষ পান করে চার কিশোরী। তারা হলেন— রোফয় ম্রো (১৫), রোনফাও ম্রো (১৬), উইরো ম্রো (১৭) এবং সংক্রা ম্রো (১৬)।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ২৮ জুন রাত আনুমানিক ২টা ২০ মিনিটে তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে বিষপানের প্রায় ছয় ঘণ্টা অতিবাহিত হওয়ায় পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা সম্ভব হয়নি।
পরে চিকিৎসকদের পরামর্শে সকাল ৯টা ৩০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য চারজনকেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগীরা ম্রো সম্প্রদায়ের হওয়ায় বাংলা ভাষায় স্পষ্টভাবে কথা বলতে পারেননি। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেও বিষপানের পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি।
রহস্যজনক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।