
আলীকদমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জ্বালানি তেল থেকে টমটম নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ বীর, আলীকদম সেনানিবাসের মেজর আবুল হোসেন পলাশ, আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ, ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, ৪নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাৎপুং ম্রো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি মোঃ রিটন মিয়া, আলীকদম উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাসুক ইলাহী, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামসহ বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, আনসার সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারী ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আলীকদম উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জ্বালানি তেলের মজুদ ও চোরাচালান প্রতিরোধ, অল্প বয়সী কিশোরদের বেপরোয়া টমটম চালানো নিয়ন্ত্রণ, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ, বাজার নিয়ন্ত্রণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া আলীকদম উপজেলার পর্যটন খাতকে এগিয়ে নেওয়া এবং আলীকদম বাজার ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনকল্যাণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।