
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দকৃত বাসটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় যানবাহনটি শিক্ষার্থীদের কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না, ফলে দুর্গম পাহাড়ি জনপদ পাড়ি দিয়ে প্রতিদিন কলেজে আসতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাসটি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থাপনার অভাবে দীর্ঘ সময় ধরে বাসটি চালু না থাকায় তা অচল হয়ে পড়ে আছে। এ অবস্থায় দূর-দূরান্তের শিক্ষার্থীরা প্রতিনিয়ত কষ্ট করে কলেজে আসা-যাওয়া করলেও অনেকেই নিয়মিত ক্লাস করতে পারছেন না।
স্বরজমিনে গিয়ে দেখা যায়, বাসটি অচল হয়ে পড়ে থাকার কারণে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীরা জানান, পাহাড়ি এলাকায় শিক্ষার মান উন্নয়নে এই বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যথাযথ মেরামত ও ব্যবস্থাপনার মাধ্যমে পুনরায় চালু করা হলে তা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বড় ভূমিকা রাখবে।
এক শিক্ষার্থী বলেন, “পরিত্যক্ত বাসটি আবার চালু করা গেলে আমরা নিয়মিতভাবে ক্লাসে অংশ নিতে পারবো। এতে করে পাহাড়ের শিক্ষার মান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।