
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) লামা রেঞ্জ ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতা সভায় বক্তারা হাতির আবাসস্থল সংরক্ষণ, বন্য হাতি রক্ষা এবং মানুষ-হাতির সংঘাত কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জীববৈচিত্র্য ও বনাঞ্চলের ভারসাম্য রক্ষায় হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই হাতির নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করতে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।
আয়োজকরা জানান, বিশ্ব হাতি দিবসের এই আয়োজনের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে হাতি সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং মানুষ-হাতির সহাবস্থানের বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।