
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তা দিয়ে আসছে।
৫৭ বিজিবির উদ্যোগে আলীকদমের কচ্ছপঝোড়া জবিরাম কারবারী পাড়া স্কুলে সিমেন্ট সহায়তা দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে টিন প্রদান করা হয়। একই সঙ্গে স্থানীয় অসহায় কৃষকদের বাঁচনীর মাধ্যমে সহায়তা এবং কৃষিভিত্তিক জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এছাড়া একজন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার দেওয়া হয়। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।
৫৭ বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে তারা কাজ করে যাচ্ছে। বিশেষ করে আলীকদমের দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।