
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় হাম ও রুবেলার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। এ প্রেক্ষিতে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মো. শাহীন চৌধুরী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বান্দরবান কার্যালয়ের সিনিয়র অফিসার ডা. মো. ইশতিয়াক। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মেডিকেল সহকারী, ইপিআই কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ ফজলে রাব্বি জানান, সারাদেশের মতো আলীকদমেও হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুরুকপাতা বাজারে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা বাড়াতে প্রতিদিন হাসপাতালের একটি মেডিকেল টিম ওই ক্যাম্পসহ আশপাশের পাড়াগুলোতে সেবা প্রদান করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়ানো হবে। একই সঙ্গে হাসপাতালের জন্য জমি দান করায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালামের মরহুম পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। সভা শেষে বিভাগীয় পরিচালক পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসানের নেতৃত্বে দুইজন চিকিৎসক, তিনজন নার্স ও একজন মেডিকেল সহকারী নিয়ে একটি দল কুরুকপাতা বাজারের অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা দিতে রওনা দেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম ও রুবেলার বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।