1. thpshopbd@gmail.com : admin :
মানিকের কৃতজ্ঞতা প্রকাশ - probahonewstv
May 1, 2026, 8:54 am

মানিকের কৃতজ্ঞতা প্রকাশ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, February 13, 2026
  • 74 Time View
ফলাফল মেনে মানিকের বার্তা | কৃতজ্ঞতা সোনাগাজী–দাগনভূঞাবাসীর প্রতি

ফলাফল মেনে নিয়ে সোনাগাজী–দাগনভূঞাবাসীর প্রতি ধন্যবাদ

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফলাফল মেনে নিয়ে সোনাগাজী ও দাগনভূঞাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. ফখরুদ্দিন মানিক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ফয়সালায় পুরোপুরি সন্তুষ্ট।” তিনি দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সম্মানিত ভোটার, দায়িত্বশীল জনশক্তি, শুভাকাঙ্ক্ষী এবং নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ডা. মানিক বলেন, “মুমিনের কোনো চেষ্টা বৃথা যায় না। বিগত ৩০ বছরে এখানে দাড়িপাল্লার কোনো স্লোগান ওঠেনি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আমরা ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ২০২৬ সালে আমরা দাড়িপাল্লাকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আস্থায় নিতে সক্ষম হয়েছি।” তার এই বক্তব্যে নির্বাচনী রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত ও ভবিষ্যৎ পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

তিনি বিশেষভাবে প্রবাসী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীরা প্রাণ উজাড় করে সহযোগিতা করেছেন। তার দেওয়া তথ্যমতে, প্রবাসী ভোটে দাড়িপাল্লা প্রতীক পেয়েছে ৭,৩৩৯ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৩,১৯৫ ভোট। ব্যবধান ৪,১৪৪ ভোট। “প্রবাসী ভাইদের এই ভালোবাসা আজীবন স্মরণে রাখবো,”—যোগ করেন তিনি। ডা. মানিক আরও বলেন, “প্রতিশ্রুতি দিয়েছিলাম— জিতলে যেমন আপনাদের সঙ্গে থাকবো, না জিতলেও পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি পালনে আপনাদের দোয়া চাই।” তিনি জানান, জন্মস্থান দাগনভূঞা হলেও সোনাগাজীকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন এবং ভবিষ্যতেও উন্নয়ন ও জনসম্পৃক্ততায় এই অগ্রাধিকার অব্যাহত থাকবে। নির্বাচনের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।

See also  পিতা-মাতাকে নির্যাতনকারী সেই কুলাঙ্গার গ্রেফতার

তবে তিনি বলেন, “ছোটখাটো ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত অনেকের কাছ থেকে হৃদ্যতাপূর্ণ আচরণ পেয়েছি।” রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক সৌহার্দ্যের এই চিত্র ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সবশেষে ডা. ফখরুদ্দিন মানিক জানান, তিনি সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন। পরবর্তীতে বিস্তারিত অভিমত জানাবেন বলেও উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোনাগাজী ও দাগনভূঞায় রাজনৈতিক অঙ্গনে যে ব্যাপক সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে, তার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category