1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম–থানচি সড়ক সংস্কার - probahonewstv
September 25, 2026, 3:30 pm

আলীকদম–থানচি সড়ক সংস্কার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, March 8, 2026
  • 167 Time View
আলীকদম–থানচি সড়ক সংস্কার

সেনাবাহিনীর উদ্যোগে ৩৩ কিমি সড়ক মেরামত, স্বস্তি ফিরল চলাচলে

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
জেলা প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবান-এর দুর্গম আলীকদম–থানচি সড়কের প্রায় ৩৩ কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী-র ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি)। বাংলাদেশ সেনাবাহিনী-র ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত “আলীকদম–থানচি সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প”-এর আওতায় গত ফেব্রুয়ারির শুরু থেকে ধারাবাহিকভাবে সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে মেরামত কাজ পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন এবং ঝুঁকিপূর্ণ অংশ তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক ও পর্যটকদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ত, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যেত। ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক বাইকার রাশেদ মাহমুদ বলেন, “গত বছর যখন থানচি ভ্রমণে এসেছিলাম, তখন আলীকদম–থানচি সড়কের অনেক জায়গায় বড় বড় গর্ত ছিল। এবার এসে দেখলাম রাস্তার অবস্থা অনেক উন্নত হয়েছে। এখন এই সড়ক দিয়ে চলাচল অনেক স্বস্তিদায়ক।”

পর্যটকবাহী জীপচালক মো. জাকির হোসেন জানান, সড়কের খারাপ অবস্থার কারণে আগে গাড়ি চালাতে গিয়ে চালকদের অনেক ঝুঁকি নিতে হতো। তিনি বলেন, “সড়কটি সংস্কার হওয়ায় এখন গাড়ি চালানো অনেক সহজ হয়েছে। সামনে ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়বে। ঠিক সময়মতো এই কাজ সম্পন্ন হওয়ায় পর্যটক ও চালক সবাই উপকৃত হবে।” এদিকে থানচি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের এক গ্রামবাসী চংয়াং ম্রো জানান, সড়ক সংস্কারের সময় স্থানীয়দের অনুরোধে তাদের গ্রামের পাশে একটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “আগে দ্রুতগতির গাড়ির কারণে গ্রামের শিশুদের চলাচলে ভয় লাগত। এখন স্পিডব্রেকার হওয়ায় গাড়ি ধীরগতিতে চলে, এতে আমাদের জন্য অনেক নিরাপদ হয়েছে।”

See also  তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের এভিয়েশন, 10 হাজার ফ্লাইট বাতিল

১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আলীকদম থেকে থানচি পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজ এমনভাবে সম্পন্ন করা হয়েছে যাতে এটি সমতলের নতুন কোনো সড়কের মতোই মসৃণ মনে হয়। স্থানীয় জনগণ, পর্যটক এবং পরিবহন চালকদের সুবিধার বিষয়টি মাথায় রেখেই এই কাজ বাস্তবায়ন করা হয়েছে। তারা আরও জানান, দুর্গম পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সড়কটির উন্নয়নের ফলে আসন্ন পর্যটন মৌসুমে আলীকদম–থানচি সড়কে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং এতে এলাকার পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমও আরও গতিশীল হবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category