
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান সদর থানাধীন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০২৬” উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় উৎসবকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
শোভাযাত্রার পুরো পথজুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আয়োজিত এ রথযাত্রা উৎসব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।