
ফেনীর সালাম কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় পাঁচ দফা দাবি ও ‘পি.আর. পদ্ধতি’ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা নাদিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ফেনী–২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও ফেনী জেলার সাবেক আমীর এ.কে.এম শামসুদ্দীন এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলার সহ–সভাপতি আজিজুল করিম মোহরার, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ, ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু এবং লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পি.আর. পদ্ধতি (Proportional Representation System) গ্রহণ করা হলে প্রত্যেক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এর মাধ্যমে গঠনমূলক সমালোচনাভিত্তিক সংসদ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন।