
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই ফেনী শহরে এবি পার্টি ও জোটসঙ্গী দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রা, স্লোগান ও করতালিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। পিতার কবর জিয়ারত ও দোয়া নিয়ে মনোনয়ন
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজ বাড়িতে পিতার কবর জিয়ারত করেন মজিবুর রহমান মঞ্জু এবং মায়ের কাছ থেকে দোয়া গ্রহণ করেন। পরে শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এরপর দল ও জোট নেতাদের সঙ্গে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পাঁচ প্রস্তাবকের উপস্থিতি
নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজন প্রস্তাবক উপস্থিত ছিলেন। তারা হলেন— এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি এবং সাংবাদিক হাবীব মিয়াজি। আসন সমঝোতা ও ঐক্যের বার্তা
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে যারা সবচেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সাথেই আমাদের আসন সমঝোতা হয়েছে।” তিনি ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, বৃহত্তর স্বার্থে তার প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। উল্লেখ্য, আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান দাবি
মজিবুর রহমান মঞ্জু ফেনী অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানান। তিনি বলেন, ফেনীকে একটি নিরাপদ ও সুশাসনের মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভিন্ন প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি বিএনপি ও জামায়াতের একাধিক প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদের মধ্যে ছিলেন— বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান এবং ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। মতবিনিময় সভা অনুষ্ঠিত
এর আগে দল ও জোট নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর নেতা মেসবাহ উদ্দিন সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, এনসিপি, এসসিপিসহ গণতান্ত্রিক সংস্কার জোটের বিভিন্ন স্তরের নেতারা। সভায় বক্তারা গণতান্ত্রিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।