
ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত
ফেনীর ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আহমেদ হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি এহসানী ইলাহী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা শাহীন, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম এবং সরকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, দেলোয়ার হোসেন পারভেজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। তারা শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একইসঙ্গে ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বানও জানানো হয়।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়, যেখানে তারা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা ওহিদুর নবীর পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ, বিদ্যালয়ের অগ্রগতি এবং এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, আন্তরিক এবং আবেগঘন, যা বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।