
মোঃ শাহিনুল খান পলাশ
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪১টি ঢোপে রাখা (প্রতি ঢোপে ৫০–৫৫ কেজি ধারণক্ষমতা) প্রায় ৫১ মন নকল মধু জব্দ করা হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনা সূত্রে জানা গেছে, খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা রমজান আলী দীর্ঘদিন ধরে চিনি, ফিটকিরি ও বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি করে বাজারজাত করে আসছিলেন। মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে তিনি দুধবাড়িয়া গ্রামে তার মৌমাছি খামারের পাশে প্রায় ১ মেট্রিক টন মধু বাজারজাতের উদ্দেশ্যে প্রস্তুত করছিলেন। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ২ হাজার ৫০ কেজি নকল মধুসহ তার গাড়ি আটক করে প্রশাসনকে অবহিত করে।
সংবাদ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রমজান আলী পালিয়ে যান। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। পরে জব্দ করা ভেজাল মধু একটি খালে ঢেলে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া খালি ড্রামগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনকে এতিমখানা মাদরাসায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, রমজান আলী দীর্ঘদিন ধরে এই ভেজাল মধুর ব্যবসা করে আসছেন। এলাকাবাসীর সচেতনতার কারণেই এবার তিনি ধরা পড়েছেন। ভবিষ্যতে যেন তিনি এ ধরনের কাজ করতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, স্থানীয়রা অভিযুক্তের নাম বললেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তাই ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশকে তার ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।