
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১ লক্ষাধিক ইয়াবা উদ্ধার: সীমান্তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১ লক্ষ ৮৪১ পিস, যার সিজার মূল্য প্রায় ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৬/৪-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০টি কাটের মধ্যে মোট ১,০০,৮৪১ পিস বার্মিজ ইয়াবা (খয়েরি রঙের ৯৯,৭৮০ পিস এবং সবুজ রঙের ১,০৬১ পিস) উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির সাংবাদিকদের বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকায় এ ধরনের সফল অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।