
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লটারির টিকিটের প্রচার, বিক্রি, বিতরণ ও জনসাধারণকে লটারিতে অংশগ্রহণে উৎসাহিত করার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোনাব্বর হোসেন। এ সিদ্ধান্তে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে “খোলাহাটি কুঠির শিল্প” এর লটারির টিকিটের প্রচার, বিক্রি ও বিতরণ এবং সাধারণ মানুষকে লটারিতে অংশগ্রহণে উৎসাহিত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রম আইনানুগভাবে নিষিদ্ধ এবং প্রতারণার শামিল। তাই লটারির টিকিট বিক্রি, প্রচার-প্রচারণা, মাইকিং, পোস্টার-ব্যানার প্রদর্শনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: মোনাব্বর হোসেন বলেন, “লটারির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া কিংবা তাদের প্রলোভিত করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে লটারির টিকিট বিক্রি, প্রচার ও বিতরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “উপজেলার কোথাও লটারির টিকিট বিক্রি বা প্রচারের ঘটনা নজরে এলে সাধারণ মানুষকে স্থানীয় জনপ্রতিনিধি অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কাউকে আটক, মারধর বা শারীরিকভাবে হেনস্তা না করে প্রশাসনকে তথ্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।”
এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, লটারির প্রলোভনে পড়ে অনেক মানুষ অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ দ্রুত লাভের আশায় লটারিতে টাকা খরচ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “লটারির টিকিট বিক্রি ও প্রচারের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। দ্রুত লাভের আশায় মানুষ যাতে সর্বস্বান্ত না হয়, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।”
সচেতন মহলেরও প্রত্যাশা, শুধু গণবিজ্ঞপ্তি জারি নয়—নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখবে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা বাস্তবায়নে তারাগঞ্জ উপজেলা প্রশাসন সর্বসাধারণের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।