
টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক। বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলামের বাড়িতে ঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। তথ্য সূত্র জানায়, রাতে অজ্ঞাতপরিচয় একদল চোর আজাহারুল ইসলামের বসতবাড়ির ঘরের টিনের শিট অত্যন্ত সুকৌশলে কেটে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই চোরচক্র আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা এবং স্বর্ণের গয়না নিয়ে চম্পট দেয় । জানা যায় ৪ ভরি স্বর্ণ নগদ ২৫০০০০ টাকাৎচুরি করে নিয়ে গেছে।
একজন রাজনৈতিক নেতার বাড়িতে এমন চুরির ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছেন। স্থানীয়দের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে যদি দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয়।
ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী দ্রুত লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল