
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
টাকার লোভে পরিকল্পিতভাবে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাংলাদেশ কাস্টমস হাউস আইসিডি কমলাপুরের নিরাপত্তা শাখায় কর্মরত সিপাহী আবু রায়হান তালুকদারকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার রাজু মির্জা ও সোহেল মির্জা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহের আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে দুজন জবানবন্দি দেন।
জবানবন্দিতে বলা হয়, গত ২৪ জুলাই রাতে পরিকল্পনা অনুযায়ী দুধের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে আবু রায়হানকে পান করানো হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর অচেতন হয়ে পড়েন। পরে রাজু মির্জা লোহার রড দিয়ে তাঁকে আঘাত করে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
এরপর ঘরের ভেতরে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে নেওয়া হয়। নিহত আবু রায়হানের ব্যবহৃত একটি আইফোন নিয়ে রাজু মির্জা ঢাকায় চলে যান এবং সেটি ৭০ হাজার টাকায় বিক্রি করেন বলে আদালতে জানান।
এ ছাড়া আবু রায়হান নিখোঁজ থাকার সময়ে তাঁর মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কার্ড ব্যবহার করে রাজু মির্জা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন বলেও জবানবন্দিতে উঠে এসেছে।
আদালতে দেওয়া জবানবন্দির বরাতে এসব তথ্য জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।