
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ৯টার দিকে চিরিরবন্দর থানার উদ্যোগে উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের রাজাপুর তেলীপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযান দল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় রাজাপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিন ইসলাম (১৯)-কে আটক করা হয়। তিনি মোঃ আশরাফুল ইসলামের ছেলে।
পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা শাহানাজ আফরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত আল আমিন ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১টি গ্যাস লাইটার এবং রাংতা কাগজ উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “মাদক নির্মূলে চিরিরবন্দর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
তিনি আরও জানান, বর্তমানে চিরিরবন্দর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।