
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ,বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সামাজিক শৃঙ্খলা সুদৃঢ়করণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের লক্ষ্যে আলীকদম সেনা জোন (৩১ বীর) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক জনসচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল আলীকদম সেনা জোন (৩১ বীর), যা স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় ও সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিএ-৮৪৮৯ মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আলমগীর হোসেন শাহ, ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন এবং ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপং ম্রো।
এছাড়াও সম্মেলনে বাজার কমিটির সভাপতি, বাস মালিক সমিতির সভাপতি, মাহিন্দ্রা ও অটো মালিক সমিতির সভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ৫০ থেকে ৬০ জন অংশগ্রহণ করেন। সচেতনতামূলক সম্মেলনে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল—মাদকদ্রব্যের চোরাচালান ও অবৈধ সেবন প্রতিরোধ, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অপ্রাপ্ত বয়সে যানবাহন চালনা বন্ধ করা, অবৈধ পাহাড় কাটা ও নির্বিচারে বন উজাড় রোধ, সড়কে যানজট নিরসন এবং পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে অনুমোদিত পর্যটন গাইড ব্যবহারের নির্দেশনা। প্রধান অতিথি তার বক্তব্যে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আলীকদম উপজেলায় মাদকদ্রব্য চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধ দমনে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল মহলের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও আশ্বস্ত করেন যে, জনস্বার্থে গৃহীত যেকোনো আইনসম্মত উদ্যোগে আলীকদম সেনা জোন সর্বদা জনগণের পাশে থাকবে এবং শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।