
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে *৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ* মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম এবং আলীকদম সেনা জোনের একটি টহল দল আলীকদম–থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার হওয়া গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে তাকে আলীকদম থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় আলীকদম থানার এসআই মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন বলেন,৩৩৯ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।