
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এক বৃদ্ধ নারীর গলাকাটা মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড কাঁকড়া ঝিরি এলাকায় আবু তালেবের নিজ বাড়ির নিকট থেকে ওই বৃদ্ধ নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম এবং আলীকদম থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য থানায় নিয়ে যায়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনো হত্যার সঠিক কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আলীকদম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—
ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
সম্ভাব্য হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে।
দ্রুত সময়ের মধ্যে প্রকৃত তথ্য প্রকাশ করা হবে।
এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় ভীতি ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।