
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে বিজিবি
বান্দরবান, আলীকদম উপজেলায় – ০৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ -১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, তরিখে- আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী বিতরণ এবং শিশুদের মাঝে শিক্ষাউপকরণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জনবান্ধব জাতীয় সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) নিয়মিতভাবে গরীব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম ক্রাইক্ষ্যং এলাকায় মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় জনগণ বিজিবির এ মহতী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মেহেদী। এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।