
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণ-এর সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক। এক বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের বক্তব্য কেবল ঐতিহাসিক তথ্য বিকৃতই নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অসম্মানজনক। তিনি দাবি করেন, এই ধরনের মন্তব্য পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। সিএইচটি সম্প্রীতি জোট-এর আহ্বায়ক থোয়াইচিং মং চাক বলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্য করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি উন্মুক্ত আগ্রাসনের শামিল।তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ১৯৯৭-এর মাধ্যমে দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এই চুক্তির আলোকে অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এ অবস্থায় এমন বিভেদমূলক মন্তব্য শান্তি চুক্তির চেতনার পরিপন্থী এবং অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা।
তিনি কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের কাছে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, তাদের নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখতে। থোয়াইচিং মং চাক পার্বত্য অঞ্চলের সর্বস্তরের জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলের ভবিষ্যৎ এবং এখানকার জনগণের অধিকার নিয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।