
মোঃ রেজাউল হক রহমত | স্টাফ রিপোর্টার |
ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি নিয়ে মারাত্মক সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। কারাগারটির নির্ধারিত ধারণক্ষমতা যেখানে মাত্র ৭৫০ জন বন্দির,
সেখানে বর্তমানে অবস্থান করছে ১,৭০০-এরও বেশি বন্দি। ফলে বন্দিদের বসবাস, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় দেখা দিয়েছে তীব্র অস্থিরতা।
জেল সুপার ওবায়দুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকায় বন্দির সংখ্যাও বাড়ছে। সীমিত জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দিদের।
অনেকেই পর্যাপ্ত জায়গার অভাবে মেঝেতে ঘুমাচ্ছেন।” তিনি আরও বলেন, কারা প্রশাসন অতিরিক্ত বন্দির চাপ সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে শয্যা, বিশুদ্ধ পানি ও
চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ এখন জরুরি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক লাইলা সুলতানা বলেন, “অতিরিক্ত বন্দির এই পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘনের শামিল। দ্রুত নতুন ভবন নির্মাণ বা বন্দি স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে কারাগারের এই নাজুক অবস্থা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো উন্নয়ন, বিকল্প কারাগার নির্মাণ এবং বিচার ব্যবস্থার সংস্কারই পারে এ সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে।