
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. বাদশা মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত বাদশা ওই মামলার ২ নম্বর আসামি। তিনি জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) ঢাকার লালবাগ থানা এলাকা থেকে র্যাব-৭ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ফেনী জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত জানান, বাদশা পূর্বে যুবলীগের সদস্য ছিলেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই কার্যক্রমে জড়ায়।
স্থানীয় এক যুবদল নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বাদশা দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী ও জায়লস্কর ইউনিয়ন যুবদল নেতা আশরাফুলের সহযোগিতায় এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন জানান,
“গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”