
নিজস্ব প্রতিবেদক:
শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোঃ সোহেল মিয়া। তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “রামিসা আমাদের সবার সন্তান। এ ধরনের বর্বর ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” মঙ্গলবার (১৯ মে) সকালে স্কুলে যাওয়ার আগে নিখোঁজ হয় শিশু রামিসা। পরে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি পাশের বাসার বাসিন্দা মো. জাকির হোসেনের বিকৃত লালসার শিকার হয়। বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর অভিযুক্তের স্ত্রী স্বপ্নাকে আটক করে পুলিশ। মূল আসামি জাকির হোসেন পালিয়ে গেলেও পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোঃ সোহেল মিয়া আরও বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা জরুরি।” তিনি অবিলম্বে এই মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে স্বল্প সময়ের মধ্যে রায় কার্যকরের আহ্বান জানান।