
ঈদ-উল-আযহা কে-সামনে রেখে বান্দরবানে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বান্দরবানে স্বাস্থ্যসম্মত পশু জবাই, কোরবানির চামড়া সংরক্ষণ, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।
প্রশিক্ষণে কোরবানির পশু ইসলামী বিধান ও স্বাস্থ্যবিধি মেনে জবাই, চামড়া সংরক্ষণের আধুনিক পদ্ধতি, চামড়ার অপচয় রোধ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
“কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়, সেজন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় সর্বসাধারণকে সচেতন হতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত কোরবানি নিশ্চিতকরণ এবং চামড়ার অপচয় রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।