
ঝেলেপাড়ায় মৎস্যচাষীদের সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
চুরি-লুট ও হামলা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা
সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরখোন্দকার ঝেলেপাড়া এলাকায় মৎস্যচাষীদের উদ্যোগে সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আফসার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
মৎস্য ব্যবসায়ী মো. আলমগীর হোসেন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া ও উপপরিদর্শক আজগর হোসাইন, পৌরসভা যুবদল নেতা খুরশিদ আলম।
এসময় মৎস্যচাষী আবদুল শুক্কুর, নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় অবস্থিত বিভিন্ন মৎস্য প্রকল্পে প্রায়ই চুরি, লুটপাট ও হামলার ঘটনা ঘটছে। খামারে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মারধর এবং খামারঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও তারা জামিনে বেরিয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে দাবি করেন বক্তারা।
মৎস্যচাষীরা তাদের জানমাল ও মৎস্য প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।