
ফুলগাজীতে সড়ক প্রকল্পের ৩৫ ড্রাম বিটুমিন উধাও
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
প্রায় ৫.৬ লাখ টাকার ক্ষতি, ‘পরিকল্পিত চুরি’ সন্দেহ ঠিকাদারের
ফেনীর ফুলগাজীতে সড়ক উন্নয়নকাজে ব্যবহারের জন্য মজুদ রাখা ৩৫ ড্রাম বিটুমিন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।
শুক্রবার (৮ মে) ফুলগাজী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মেসার্স এলাহী এন্টারপ্রাইজের ম্যানেজার দেলোয়ার হোসেন। তিনি উপজেলার মালিপাথর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণকাজে ব্যবহারের জন্য প্রায় ৮৫টি বিটুমিন ভর্তি ড্রাম কিছমত বিজয়পুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে খোলা জায়গায় রাখা হয়েছিল। গত মঙ্গলবার (৫ মে) রাত ৮টা থেকে শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে সংঘবদ্ধ চোরচক্র ঘটনাস্থল থেকে ৩৫টি ড্রাম গাড়িযোগে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে মজুদ হিসাব মিলিয়ে ৩৫টি ড্রাম কম দেখতে পান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। স্থানীয় লোকজন ও আশপাশের দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযোগে উল্লেখ করা হয়, চুরি হওয়া বিটুমিনের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় দক্ষিণ শ্রীপুর এলাকার বেলাল হোসেনকে সাক্ষী করা হয়েছে।
এদিকে মেসার্স এলাহী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী ইয়াকুব আলী বাবুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে “পরিকল্পিত চুরি” বলে দাবি করেন। তিনি বলেন, “ঠিকাদারি জীবনের ৩২ বছরেও এমন ঘটনা দেখিনি। বর্তমানে প্রতি ড্রাম বিটুমিনের দাম প্রায় ১৬ হাজার টাকায় পৌঁছেছে। এত ভারী ড্রাম সাধারণ কারও পক্ষে সরানো সম্ভব নয়।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, চোরচক্র কম দামে এসব বিটুমিন বিক্রির চেষ্টা করতে পারে। সন্দেহজনকভাবে কেউ বিটুমিন বিক্রির প্রস্তাব দিলে যাচাই ছাড়া তা ক্রয় না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন।
এর আগে দাগনভূঞা ও ফেনী সদরেও বিটুমিন চুরির ঘটনা ঘটেছে উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক।
এ বিষয়ে ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।