
বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বড় ব্যবধানে জয়ী রেজাউল করিম বাদশা।
সাজেদুল ইসলাম রাসেল,
বিশেষ প্রতিনিধি বগুড়া:
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ শেষে রাতেই ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রেজাউল করিম বাদশা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৭৬ হাজার ৩১১ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।
প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
এছাড়া, অন্য প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫১২ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৪২ দশমিক ৫৭ শতাংশ (পোস্টাল ব্যালট ব্যতীত)।
এর আগে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।