
লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষাধিক টাকা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পুকুরিয়াখোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী নবির উদ্দিন জানান, সকালে হঠাৎ করে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় মালামাল এবং সংরক্ষিত তামাকসহ সবকিছু পুড়ে যায়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নাঘরের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। বসতঘর পুড়ে যাওয়ায় তারা এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।
এদিকে এলাকাবাসী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি নিম্ন আয়ের হওয়ায় তাদের পক্ষে একা ঘুরে দাঁড়ানো কঠিন। তাই দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।
মানবিক বিবেচনায় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।