
তারাগঞ্জে জ্বালানি সংকট: পাম্পে তালা, বাজারে দামে হাহাকার
বুলবুল হোসেন,
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
রংপুরের তারাগঞ্জে হঠাৎ করেই পেট্রোল, ডিজেল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। রবিবার (২২মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, উপজেলার সবগুলো পাম্পই বন্ধ রয়েছে এবং জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ।
জ্বালানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ অন্যান্য যানবাহন চালকরা।
প্রয়োজনীয় কাজে বের হয়েও অনেকেই মাঝপথে বিপাকে পড়ছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গণমাধ্যমকর্মী, পল্লী বিদ্যুৎ কর্মচারী এবং জরুরি সেবা প্রদানকারী পশু চিকিৎসকরা।
উপজেলার রহিমাপুরের ব্যবসায়ী বাবুল জানান, পাম্প বন্ধ থাকায় তিনি মোটরসাইকেল হাঁটিয়ে কেল্লাবাড়ি এলাকা থেকে খোলা বাজারে ২ লিটার পেট্রোল কিনেছেন ৫০০ টাকায়।
এদিকে পার্বতীপুর থেকে ঘুরতে আসা এক দম্পতি জানান, সকালেই পার্বতীপুরে তেল নিয়েছিলাম। এখানে এসে তেল শেষ হয়ে গেছে, কিন্তু কোনো পাম্পেই তেল পাচ্ছি না।
স্থানীয়দের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে পাম্প মালিকরা ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছেন পাম্প। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে জ্বালানি কিনতে হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, খোলা বাজারে পেট্রোলের দাম প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
এ বিষয়ে উপজেলার পাম্প মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে পুরাতন চৌপথি এম এ গফুর ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, ডিপো থেকে তেল না আসায় আমাদের এখানে সরবরাহ নেই। এর বেশি মালিক জানেন।
বুলবুল হোসেন,
তারাগঞ্জ, রংপুর
২২ মার্চ,২০২৬