
চিরিরবন্দরে ৩ মাদক ব্যবসায়ী আটক, ১৮ লাখ টাকার গাঁজা উদ্ধার
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদরাসার সামনে অভিযান চালায় পুলিশ। এসআই আশরাফুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে ৩১ পিস টাপেন্টাডলসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
উপজেলার নান্দেড়াই গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে মোকছেদুল ইসলাম (৪৩),
চিরিরবন্দর আদর্শপাড়ার আইয়ুব আলীর ছেলে মাহামুদুল ইসলাম (২২),
একই এলাকার আইন উদ্দিনের ছেলে ও চিরিরবন্দর উপজেলা পরিষদের কর্মচারী আল আমিন (৩৫)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ১৮ মার্চ বুধবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকায় পুলিশের একটি টহলদল অভিযান পরিচালনা করে। এসআই রাজু আহমেদ, এসআই ওহাব, এসআই জালাল উদ্দিন, এএসআই রনজু মিয়া ও এএসআই হেমন্ত কুমারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এলাকায় টহল দেওয়ার সময় মাদক ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে একটি কাভার্ড ভ্যানে করে মাদারগঞ্জ থেকে চিবুক মন্দিরগামী বৈদেশীর সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৩ বস্তা গাঁজা (মোট ৬০ কেজি) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশের দাবি, চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে থাকবে।