
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
জেলা প্রতিনিধি, বান্দরবান
আলীকদম উপজেলায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ৪৯ হাজার কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ সেন্ট মেরী’স উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক–এর সহযোগিতায় এবং আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম, আলীকদম ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১৪ হাজার পরিবারের মধ্যে ৪৯ হাজারেরও অধিক কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট মেরী’স স্কুলের প্রধান শিক্ষক ও ফাদার, ব্র্যাক জেলা ম্যানেজার মোঃ আবুল কালাম, ব্র্যাক উপজেলা ম্যানেজার সুমন দাসসহ আলীকদম শাখার কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে কীটনাশকযুক্ত মশারি অত্যন্ত কার্যকর। এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রতীকীভাবে উপকারভোগীদের মাঝে মশারি বিতরণ করা হয়।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।