
৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।