
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার):
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায়। ড্রোনের মাধ্যমে পরিচালিত এই নৃশংস হামলায় ঘাঁটির ভেতরে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হন। শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর), সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি),সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম),মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ),লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)
হামলায় আহত শান্তিরক্ষীরা হলেন— লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া), সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা), সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম), সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার্স (রংপুর), সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ), সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)
আহত আটজন শান্তিরক্ষীর মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল অঙ্গীকারের উজ্জ্বল ও গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।