
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন প্রতিষ্ঠার ৩০ বছর পর অবশেষে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ০.৫০ একর (৫০ শতক) জমি ইউনিয়ন পরিষদের নামে দানপত্র দলিল সম্পাদন করা হয়েছে।
১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) সাবেক ইউপি সদস্য অংগ্য মার্মা আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের নামে উক্ত জমির দানপত্র দলিল সম্পাদন করেন।
জানা গেছে, দীর্ঘ ৩০ বছর ধরে ইউনিয়ন পরিষদের নিজস্ব জমির প্রয়োজনীয়তা অনুভূত হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে সাবেক ইউপি সদস্য অংগ্য মার্মার মহৎ উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের জন্য জমি দান করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
এ দানপত্র দলিল সম্পাদনে সার্বিক প্রচেষ্টা ও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন লামা উপজেলা ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন এবং রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিজস্ব জমি নিশ্চিত হওয়ায় ভবিষ্যতে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের স্থায়ী কমপ্লেক্স ভবন নির্মাণের পথ সুগম হবে এবং ইউনিয়নবাসী আরও উন্নত ও মানসম্মত সরকারি সেবা লাভ করবেন।