
সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ব্যবসায়ীকে জরিমানা
হীরালাল বাদশা, সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করাকালে অভিযান চালিয়ে মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
রোববার বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে পরিচালিত এক যৌথ অভিযানে ৮ কেজি ‘৮ শত’ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। এছাড়াও নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে সোহেল নামে এক মাছ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে এবাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলো কিছু অসাধু মাছ ব্যবসায়ী। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।’
তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।