
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর সোনাগাজীতে নারী সমাজের ব্যাপক অংশগ্রহণে এক নির্বাচনী পথসভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সহধর্মিনী নাসরিন ফাতেমা আউয়াল। দৌলতকান্দি গ্রামে দোলন চেয়ারম্যানের নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান। নারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাসরিন ফাতেমা আউয়াল বলেন, তার স্বামী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা ও আশপাশের এলাকায় বহু স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুলা মিয়া কটন মিলসহ দেশব্যাপী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
তিনি আরও বলেন, আগামী দিনে সোনাগাজীতে গ্যাস সংযোগ নিশ্চিত করা, নদীভাঙন প্রতিরোধ, রাস্তাঘাটের উন্নয়ন এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ একটি সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মিন্টু নির্বাচনে অংশ নিয়েছেন। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই যেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবদুল আউয়াল মিন্টুকে বিজয়ী করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও যুক্তরাষ্ট্র জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞা। আরও বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহসভাপতি জেবা খান এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন শিমুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন সুমন, দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, যুবদল নেতা জসিম উদ্দিন লন্ডনি, কবির খান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এলাকায় গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। নারী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।