
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, আন্তঃসংস্থার সমন্বয় জোরদার এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সভা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।
সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিতকরণ এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক, সাব-জোন কমান্ডার, জোনাল স্টাফ অফিসার, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিনিধিসহ নির্বাচন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সভা শেষে জোন কমান্ডার আলীকদম ও লামা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা, সমন্বিত কার্যক্রম এবং সেনাবাহিনীর দায়িত্ব পালন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম। এই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য ও নিরাপত্তাগত সংবেদনশীলতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে এবং ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। পরিশেষে, একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।