
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
১৩ আগস্ট ২০২৬: বান্দরবান পার্বত্য জেলার রুমা থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জনগণের দোরগোড়ায় পেশাদার, মানবিক ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও নির্দেশনা দেন, থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থী যেন দ্রুত, আন্তরিক, হয়রানিমুক্ত ও যথাযথ সেবা পান, তা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়াসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।