
রাজধানীর বেইলি রোডে শুরু তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা-২০২৬: পাহাড়ের কেমিক্যালমুক্ত ফল ও ঐতিহ্যের মিলনমেলা।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
২৭ জুন ২০২৬, শনিবার
‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি এবং খাগড়াছড়ির মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
মেলায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলার মোট ৩০টি স্টলে পাহাড়ের কেমিক্যালমুক্ত মৌসুমি ফল, বিভিন্ন কৃষিপণ্য এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
আয়োজকদের মতে, রাজধানীবাসীর কাছে পাহাড়ি ফলের স্বাদ, গুণাগুণ ও বৈচিত্র্য তুলে ধরা, পাশাপাশি পার্বত্য অঞ্চলের স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা পাহাড়ের টাটকা ও নিরাপদ ফলের পাশাপাশি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যেরও অনন্য অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।