
পটুয়াখালী প্রতিনিধি : মোঃ শামিম
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মার্চেন্ট নেভীর এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাসটি সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন মার্চেন্ট নেভীর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭তম ব্যাচের শিক্ষার্থী নাফিজ আহমেদ অয়ন (১৬)। তিনি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের নুরুল আলমের ছেলে। অন্য নিহতরা হলেন সাবেতুন নাহার (২৫), বাড়ি চাঁদগাঁও, চট্টগ্রাম এবং বাসটির হেলপার মিন্টু মিয়া (৪৫), পিতা মৃত নয়া বেপারী, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা।
আহতদের উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মার্চেন্ট নেভীর সদস্য নাফিজ আহমেদ অয়ন ১০ দিনের ছুটি শেষে কর্মস্থল মাদারীপুরে ফেরার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। বাসটি যাত্রা শুরুর মাত্র ১০ কিলোমিটার অতিক্রম করার পরই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।