
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ১ আগস্ট ২০২৬, দুপুর ১টা থেকে, বিকেল পর্যন্ত, আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পানবাজার সড়ক সংলগ্ন জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে দ্বিতীয় পর্যায়ে ১০ টন চাল বরাদ্দের আওতায় আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের ৪০০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলীকদম উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল আফসার ছোটন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই মানবিক উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও ১নং সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ সোহেল রানা।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য দেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন। তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জনগণের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আমিন, আলীকদম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুরত আলম, সদস্য সচিব নুরুল আফসার ছোটন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।