
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু রাজাপাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটকের পরিচয় শনাক্ত হয়েছে। নিখোঁজ পর্যটক মোঃ জাওয়াদ উল ইসলাম, তাঁর বাড়ি মাসকান্দা, ময়মনসিংহ। তাকে উদ্ধারে প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে তিন্দু ইউনিয়নের রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ১৩ সদস্যের একটি পর্যটক দল আলীকদম উপজেলার ২১ কিলোমিটার সড়ক হয়ে মোটরসাইকেলে তিন্দুতে পৌঁছায়।
পরে তারা সেখান থেকে লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে নৌকাযোগে রওনা দেন। পথিমধ্যে রাজাপাথর এলাকায় নৌকাটি ডুবে যায়। এ সময় অধিকাংশ পর্যটক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোঃ জাওয়াদ উল ইসলাম নিখোঁজ হন।
থানচি গাইড সমিতির সভাপতি জওয়াই প্রু জানান, পর্যটকরা অনুমোদিত নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ না করে ২১ কিলোমিটার এলাকা দিয়ে তিন্দুতে প্রবেশ করেছিলেন।
নৌকাডুবির পর স্থানীয় গাইড ও এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং বর্তমানে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে যাচ্ছেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি বলেন, অনিবন্ধিত পর্যটকদের পর্যটন এলাকায় প্রবেশ না করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই নিয়ম অমান্য করে বিকল্প পথে প্রবেশ করেন, ফলে দুর্ঘটনা ঘটলে উদ্ধার ও পরিচয় শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের মাসিক সভায় আলোচনা করে ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রহিদুর রহমান মিরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি পর্যটন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে নিবন্ধন সম্পন্ন করা, অনুমোদিত গাইড সঙ্গে রাখা এবং নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।